ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, খুলনা-কলকাতা ট্রেন চলাচল দ্রুত শুরু হবে। এতে দু’দেশের যোগাযোগ ব্যবস্থা আরোও উন্নত ও সহজ হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের তুলারামপুরে একথা বলেন তিনি।

তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জির মামাবাড়ি তুলারামপুরে এসে আরোও বলেন, দু’দেশের মানুষের মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি আছে, তা অনেক দিনের। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো ঘনিষ্ট হবে।

এর আগে ভারতীয় হাইকমিশনার শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে ৪টি ল্যাপটপ এবং মন্দিরে দু’টি এসি প্রদান করেন। তাছাড়া সদর উপজেলার তুলারামপুরে শুভ্রা মুখার্জির মামাবাড়িতে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, শুভ্রা মুখার্জির ভাই কানাই লাল ঘোষ, মামাতো ভাই কার্তিক ঘোষ, অয়ন রঞ্জন প্রমুখ।

পরে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও ভারত সরকারের সহযোগিতায় নির্মিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ‘বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস’ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির বাবার বাড়ি নড়াইল সদরের ভদ্রবিলা এবং মামাবাড়ি তুলারামপুর গ্রামে। শুভ্রা মুখার্জির শৈশব কেটেছে এ দু’টি গ্রামে।

২০১৩ সালের ৫ মার্চ নড়াইলের জামাইবাবু ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিয়ে নড়াইল আসেন শুভ্রা মুখার্জি। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতে পরলোকগমন করেন শুভ্রা মুর্খাজি।

রিন্টু/এমবি