[b]ইসলামাবাদ: [/b]দুজন দুই চিরশত্রু ভারত-পাকিস্তানের বাসিন্দা। ধর্মও ভিন্ন। একজন হিন্দু,অপরজন মুসলমান। যোগাযোগের সামাজিক মাধ্যমে পরিচয়,কথা,অতঃপর প্রেম। প্রেমিক আজহারের সঙ্গে দেখা করতে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ভারতের গুজরাট থেকে নাগিতা রমেশ পাড়ি জমিয়েছেন পাকিস্তানের মুলতানে। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এতে বাদ সেধেছে।
পাকিস্তানের অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়,পাকিস্তানের ভুয়া পাসপোর্ট ব্যবহার করে এক নারী দোহা থেকে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনি তাঁর কথিত প্রেমিক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের এক বাসিন্দার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু ভুয়া পাসপোর্ট ব্যববহার করায় ওই নারীকে দোহায় ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ওই নারী জানান,তাঁর নাম নাগিতা রমেশ (২০)। বাড়ি ভারতের গুজরাট রাজ্যে। মুলতান শহরের বাসিন্দা আজহারের সঙ্গে সামাজিক মাধ্যমে কথা বলতে বলতে তাঁদের প্রেম হয়েছে। তিনি তাঁর সঙ্গে দেখা করতেই পাকিস্তান এসেছেন।
অভিবাসন কর্মকর্তারা জানান,গত বৃহস্পতিবার ভোরে ওই নারী বিমানবন্দরে আসেন। কাগজপত্র পরীক্ষার পর তাঁকে প্রথমে আটক ও পরে আবার দোহায় ফেরত পাঠানো হয়েছে।
পাসপোর্টে ওই নারীর নাম লেখা ছিল নিমরা। তিনি কর্মকর্তাদের কাছে দাবি করেছেন,সামাজিক মাধ্যমে যোগাযোগের সূত্রে পাকিস্তানি মুসলমান যুবক আজহারের প্রেমে পড়েন তিনি। ইতিমধ্যে তিনি ইসলামও গ্রহণ করেছেন।
ওই নারীকে গ্রহণ করতে বিমানবন্দরে এসেছিলেন কথিত আজহার। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছেন অভিবাসন কর্মকর্তারা। তিনিও তাঁদের প্রেমের বিষয়টি স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে পাকিস্তানে ভারতীয় কর্মকর্তারা কিছুই জানেন না বলে জানান।