যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ তুলেছেন লন্ডন মেয়র বোরিস জনসন। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা নিয়ে ওবামার সমর্থনের বিষয়ে কথা বলতে গিয়ে জনসন এমন অভিযোগ করেন।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
লন্ডন মেয়র বোরিস জনসন যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পক্ষে। বিবিসিকে তিনি বলেন, ‘মার্কিনিরা কারো সঙ্গে (তাদের) সার্বভৌমত্ব ভাগাভাগির স্বপ্ন দেখেনি, যুক্তরাজ্য ইতিমধ্যে যা করে ফেলেছে।’
প্রেসিডেন্ট ওবামা আগেই যুক্তরাজ্যের ইইউয়ে থাকার পক্ষে সমর্থন জানিয়েছেন। আগামী সপ্তাহে তিনি যুক্তরাজ্য সফরে আসবেন। তখন আবার তিনি তার সমর্থন পুনর্ব্যক্ত করতে পারেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট ওবামা ইইউ নিয়ে তার মতামত জানাতে প্রস্তুত। কিন্তু যুক্তরাজ্যের ভোটারদের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।
ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেন, যুক্তরাজ্যের (ইইউয়ে) থাকা নিয়ে বিদেশি সরকার এবং আইএমএফ, ন্যাটোর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতামত অভিভূত করেছে।
আগামী ২৩ জুন ইইউয়ে থাকা না-থাকা নিয়ে যুক্তরাজ্যে গণভোট হবে। এক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার সমর্থন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ইইউয়ের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে উৎসাহিত করবে।
ওবামার উদ্দেশে বোরিস জনসন বলেন, সব দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে দেয় তারা কখনো তাদের সার্বভৌমত্ব কারো সঙ্গে ভাগাভাগি করে না। আমি জানি না, তিনি কী বলতে চাইছেন। তবে এটা যদি আমেরিকাসম্পর্কিত বিতর্ক হতো তখন তার আসল ভন্ডামি বেরিয়ে আসত। আমেরিকানরা কখনো এমন স্বপ্ন দেখে না।
লন্ডন মেয়র আরো বলেন, আমি মনে করি, যেখানে ইচ্ছা হস্তক্ষেপের অধিকার আছে প্রেসিডেন্ট ওবামার। তবে এক্ষেত্রে সবার মতামতকে স্বাগত জানাই আমি। আমেরিকানরা আমাদের সার্বভৌমত্ব বিলিয়ে দিতে, আমাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বক্তব্য দেয়, যা আমার কাছে ভুতুড়ে মনে হয়। যেখানে তারা সমুদ্র আইনের আন্তর্জাতিক কনভেশনে আজো স্বাক্ষর করেনি।
বোরিস জনসন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদ্দেশে বলেন, গণভোটে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষে বিজয় হলেও ক্যামেরনই প্রধানমন্ত্রী থাকবেন। তবে তিনি এ-ও বলেন, ইইউ ছাড়লে যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতি আরো গণতান্ত্রিক হবে এবং ব্রাসেলসের অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পাবে। মুক্ত বাণিজ্যে যুক্তরাজ্য নিজেই আন্তর্জাতিক চুক্তি করতে পারবে।
এআই





