রানি এলিজাবেথ মারা গেছেন বলে খবর প্রকাশের পর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাজার হাজার মানুষ লন্ডনের বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হয়েছেন। তাদের চোখ বেয়ে পানি ঝরছে এবং তারা ‘গড সেভ দ্য কুইন’ বলে রানির জন্য প্রার্থনা করছেন।

রানির মৃত্যুতে বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

মার্গারেট প্যারিস নামে এক নারীর চোখে অশ্রু ঝরছিল। তিনি বলেন, আমরা তার সময়ে বড় হয়েছি। রানি অসুস্থ হয়েছেন বলে জানতে পেরে ২০ মাইল ভ্রমণ করে প্রাসাদের সামনে আসেন তিনি।

এলিজাবেথ ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডে তার বাড়িতে মারা গেছেন। তার বড় ছেলে ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস এখন রাজা।

তিন মাস আগে বাকিংহাম প্যালেসের সামনে মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। সেদিন রানি সিংহাসনে ৭০ বছর পূর্তিতে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাসাদের বারান্দায় উপস্থিত হয়েছিলেন।

বৃহস্পতিবার যখন তার মৃত্যুর খবর ঘোষণা করা হয় তখন মানুষ শোকাতুর হয়ে পড়েন। প্রাসাদের বাইরের গেটগুলোতে অফিশিয়াল নোটিশ লাগানো হয়েছিল, যা দেখতে লন্ডনবাসী ও পর্যটকরা জড়ো হন।

হাজার হাজার মানুষ আসতে শুরু করে। কেউ কেউ আবার ফুল নিয়ে আসেন। দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী পর্যটক নাবিল ডকরাট বলেন, মনে হচ্ছিল ইতিহাস তৈরি হচ্ছে, তাই আমরা প্রাসাদে ছুটে এসেছি।

গ্লাসগো থেকে আসা ৩৭ বছর বয়সী আইনজীবী লরা ম্যাকগি বলেন, এটি ঐতিহাসিক দিনগুলোর মতো একটি। আমি মনে করি লোকেরা প্রশংসা করেছে, রানি সত্যিই দেশকে চমৎকার সেবা এবং অনেক কিছু দিয়েছেন।

২২ বছর বয়সী ছাত্র অ্যাডাম উইলকিনসন-হিল নিজের এবং তার বন্ধু, যারা রাজধানীতে থাকতে পারেনি তাদের পক্ষ থেকে একগুচ্ছ ফুল নিয়ে আসেন। এটি জাতির জন্য একটি বিশাল ধাক্কা বলে মন্তব্য করেন তিনি। সূত্র : রয়টার্স।

এবিএস