ভারতের গুজরাট রাজ্যের দক্ষিণাঞ্চল ও সৌরাষ্ট্রে প্রবল বর্ষণ ও বন্যায় গত ২৪ ঘন্টায় অন্তত ৪৫ জন মারা গেছে। এর মধ্যে আমরেলি জেলায় মারা গেছে ৩৬ জন।

আমরেলি জেলার বাগাসারা শহরের কাছে নানি ভবানিয়া গ্রামে দুটি বাড়ি ধসে ১৩ জন প্রাণ হারিয়েছে। এছাড়া প্রবল বর্ষণে ভাবনগর জেলায় তিন জন, রাজকোট জেলার গাঁওদালে দুই জন এবং সুরাট জেলায় তিন মারা গেছে।

এদিকে বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাত কমে যাওয়ায় সৌরাষ্ট্রের পরিস্থিতির উন্নতি ঘটেছে। কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস আগামী ২৪ ঘন্টায় ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।

বুধবারের ভারি বর্ষণের কারণে আহমেদাবাদ নগরীর অনেকাংশই পানিতে নিমজ্জিত এবং সৌরাষ্ট্র এলাকায় নদীর দুকূল ভেসে গেছে। আহমেদাবাদ জেলার স্কুলসমূহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নিম্নাঞ্চলের গ্রামগুলিতে বসবাসকারী লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

রাজ্য সরকার সকল কর্মকর্তার ছুটি বাতিল এবং তাদেরকে কার্যালয় না ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বন্যাপ্লাবিত সকল জেলায় রাজ্য রিজার্ভ পুলিশ পাঠানো হয়েছে। ওই জেলা থেকে একশরও বেশি লোককে বিমানে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এছাড়া সুরাট থেকে সরিয়ে আনা হয়েছে হাজার হাজার লোক।

মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল গান্ধীনগরে এক উচ্চপর্যায়ের বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ক্ষতিগ্রস্ত সকল এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নির্দেশ দেন।

জেডআই