ইরানে আশুরার শোকমিছিলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানে এ ঘটনা ঘটে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে খুজেস্তানের দেজফুল শহরে আশুরা উপলক্ষে শোকমিছিল বের করা হয়। হামলাকারীরা একটি নম্বর প্লেটবিহীন গাড়ি থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কারিমি ইয়েগানেহ (২৮) ও বাহমান রেজাই (২৫) নামে দু'জনের মৃত্যু হয়।
এ ব্যাপারে প্রাদেশিক পুলিশের কর্মকর্তা কর্নেল রেহমান মুসাভি বলেন, এটা সন্ত্রাসী হামলা কি না এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই তদন্তের ফলাফল ঘোষণা করা হবে।সূত্র: আল জাজিরা।
কেএইচ





