ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপির সাবেক শীর্ষ নেতা যশবন্ত সিং (৭৭) এখন লাইফ সাপোর্টে আছেন। তিনি নয়াদিল্লির আর অ্যান্ড আর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

শুক্রবার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নিজ বাড়িতে শৌচালয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে জ্ঞান হারান যশবন্ত সিং। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক প্রতিরক্ষ‍ামন্ত্রীকে সেনা নিয়ন্ত্রিত আর অ্যান্ড আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যশবন্তের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

দলের সাবেক এ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি ও দলের সাবেক প্রেসিডেন্ট রাজনাথ সিং। যশবন্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

বিজেপির আগের সরকারে অর্থ, প্রতিরক্ষ‍া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যশবন্ত সিং।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ