বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (১৮ আগস্ট) প্রেসিডেন্ট ড. রুহানি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে পরিচয়পত্র গ্রহণ করেন।  

ড. হাসান রুহানি বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আরও জোরদারে তার দেশ প্রস্তত রয়েছে।

বাংলাদেশ সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দেওয়ায় ধন্যবাদ জানান তিনি।

রুহানি বলেন, রোহিঙ্গা মুসলমানদেরকে অন্যায়ভাবে মিয়ানমার থেকে বের করা হয়েছে। ইরান রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।

বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার রাষ্ট্রপতি আব্দুল হামিদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।  বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে আরও তিনি বলেন, “বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, কানেকটিভিটি, পর্যটন, নীল অর্থনীতি ‌এবং জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।”

রোহিঙ্গা শরণার্থীদের প্রতি ইরানের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য ড. রুহানিকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত গওসোল আযম সরকার। 

এমবি