ফিলিস্তিনের মধ্য গাজার একটি হাসপাতালে ইসরাইলের হামলায় ৫ জন নিহত হয়েছে। সোমবারের এ হামলায় আহত হয়েছে অন্তত ৭০ জন। আহতদের অধিকাংশই হলেন ডাক্তার।
আল-জাজিরা'র সাংবাদিক স্টেফিন ডেক্কের বলেন, দেইর আল-বালাহ’র আল-আকসা হাসপাতালের তৃতীয় তলায় আঘাত হানে ইসরায়েলি কামান থেকে ছোড়া অন্তত তিনটি গোলা। এ হামলায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীও মারা গেছে।
৪ দিন আগে স্থল হামলা শুরুর পর এটা নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েলি বাহিনী গাজার হাসপাতালে হামলা চালাল।
সাংবাদিক স্টেফিন ডেক্কের আরো জানান, হাসপাতালটি একটি সরকারি হাসপাতাল। হামাস গাজা'র নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
ইসরাইলের দাবি, আল-আকসা হাসপাতালে অস্ত্র লুকিয়ে রেখেছে হামাস।
ইসরাইলের এই দাবিকে 'বড় মিথ্যাচার' হিসেবে আখ্যায়িত করেছেনে হাসপাতালের পরিচালক ডা. মেদহাত আব্বাস। তিনি বলেন,"এটা প্রমাণ করতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কাউকে চ্যালেঞ্জ করি। আমাদের হাসপাতালে কোনো অস্ত্র নেই।"
তিনি আরো জানান, হাসপাতাল থেকে রোগীদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো নিরাপদ জায়গা নেই। ডা. মেদহাত আব্বাসের ভাষায়, " গাজার কোনো হাসপাতাল নিরাপদ নয়। যদি আমরা তাদেরকে স্থানান্তর করি, তবে সেক্ষেত্রে গাজায় কোনো নিরাপদ হাসপাতল নেই।"
এর আগে গত বৃহস্পতিবার গাজার আল ওয়াফা হাসপাতালে হামলা করেছিল ইসরাইল। এই হাসপাতালের সাথে সম্পৃক্ত আছেন বাসমান এলাসি। তিনি বলেন, "আমাদের লুকানোর কোনো জায়গা নেই। তারা অমানুষ। তারা (আমাদের সাথে) পশুর মতো আচরণ করছে; গাজার প্রতিটি বাড়ি এবং পরিবারকে তারা টার্গেট করছে।"
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৫০০র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





