ইরান আফগানিস্তানের তালেবানের জন্য সমরাস্ত্র পাঠিয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে তালেবান বলেছে, বিশ্ব জনমতকে ধোঁকা দেয়ার জন্য ওয়াশিংটন এই অভিযোগ এনেছে।
তালেবানের অন্যতম মুখপাত্র কারি মোহাম্মাদ ইউসুফ আহমাদি আমেরিকার এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তালেবান এখন পর্যন্ত ইরানের কাছ থেকে কোনো সমরাস্ত্র পায়নি।
তিনি বলেন, তালেবানের সমরাস্ত্রের অন্যতম প্রধান উৎস আফগান সেনাবাহিনী। যুদ্ধের সময় সেনাবাহিনীর ফেলে যাওয়া সমরাস্ত্র গনিমত হিসেবে গ্রহণ করে তালেবান। পরে তারা এইসব অস্ত্র হামলার কাজে ব্যবহার করে।
কারি ইউসুফ আহমাদি বলেন, আফগান যুদ্ধে নিজের শোচনীয় পরাজয় ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে মার্কিন সরকার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।
আফগানিস্তানে নিজের পরাজায় স্বীকার করতে আমেরিকার প্রতি আহ্বান জানান তালেবানের এই মুখপাত্র।
ইউসুফ আহমাদি বলেন, আফগানিস্তানের নিজের সামরিক উপস্থিতি ধরে রাখার জন্য ওয়াশিংটন যেন মিথ্যাচারের আশ্রয় না নেয়। তালেবান আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের উৎখাত করে ছাড়বে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক গত শুক্রবার (৩০ নভেম্বর) কিছু ভুয়া সমরাস্ত্রের ধ্বংসাবশেষ প্রদর্শন করে দাবি করেন, তালেবান আফগানিস্তানে বিভিন্ন হামলার কাজে ইরানি অস্ত্র ব্যবহার করে।
হুকের ওই দাবির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে ইরানের দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইরান ও আফগানিস্তানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরানোর পাশাপাশি আন্তর্জাতিক সমাজকে ধোঁকা দেয়ার লক্ষ্যে হুক এ দাবি করেছেন।
এমবি





