অস্ট্রেলিয়ায় ইট দিয়ে আঘাত করে নয়টি কুকুর ছানা হত্যার দায়ে এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। তবে দন্ডপ্রাপ্ত ব্যক্তির আইনজীবীর ভাষ্য, ওই সময় সে খুব বেশি মাত্রায় মাদকাসক্ত ছিলেন এবং তার স্বাভাবিক মানসিক অবস্থা ছিল না।
গত মার্চে সিডনির ১৫০ কিলোমিটার উত্তরে কুরি কুরি এলাকায় কুকুর ছানাগুলোকে হত্যার দায়ে সোমবার নাথান থম্পসন (২৫) দোষী সাব্যস্ত হয়। এক প্রত্যক্ষদর্শী ওই ঘটনাকে ‘বর্বর হত্যাকান্ড’ বলে উল্লেখ করেন।
মর্মান্তিক ওই হত্যাকান্ড থেকে কেবল একটি কুকুর ছানা বেঁচে গিয়েছিল। তার নাম রাখা হয়েছে ‘লাকি’।
আদালতের শুনানিতে বলা হয়, কুকুরগুলোর মালিক ইন্টারনেটে প্রাথমিকভাবে পসগুলো বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে কোন ক্রেতা না পেয়ে কুকুরগুলোকে থম্পসনের কাছে নিয়ে যাওয়া হয়। কারণ এর আগে সে সফলভাবে এ ধরনের কুকুর বিক্রি করিয়ে দিয়েছে।
নিউক্যাসল লোকাল কোর্টের শুনানিতে বলা হয়, থম্পসন কুকুরগুলোকে একটি আশ্রয় কেন্দ্রে নেবে বলে বিবেচনা করা হয়েছিল। তবে সে তা না করে সেগুলোকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এ সময় সেখান দিয়ে একটি কুকুর নিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনি বলেন, তিনি কুকুরগুলোর আর্তচিৎকার শুনতে পান।
ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি দেখেন, থম্পসন বাম হাত দিয়ে একটি কুকুর ছানা ধরে আছে এবং তার ডান হাতে থাকা একটি ইট দিয়ে ওই ছানাকে উপর্যুপরি আঘাত করছে।
ম্যাজিস্ট্রেট রবার্ট স্টন রায় দেয়ার সময় ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন। তবে থম্পসনের আইনজীবীরা বলেন, তিনি বেশি মাদকাসক্ত ছিলেন এবং তার স্বাভাবিক মানসিক অবস্থা ছিল না।
আদালত তাকে প্রাণী পোষার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
জেডআই





