ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪১ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সরকারের খরচ হয়েছে অন্তত ২৫০ কোটি ডলার। তবে ইসরাইলের বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য সেক্টরের ক্ষয়ক্ষতি হিসাবে নিলে এ ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি।
ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ এ তথ্য দিয়েছে। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, যুদ্ধের জন্য প্রতিদিন তেল আবিবকে খরচ করতে হচ্ছে ছয় কোটি ডলার। অন্যদিকে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যম এ পর্যন্ত হামাসের ৬০০ রকেট ভূপাতিত করা সম্ভব হয়েছে যা সফলতার দিক দিয়ে খুব একটা সুবিধাজনক নয়।
হামাসের একটি রকেট ভূপাতিত করতে ইসরাইলকে ছুঁড়তে হচ্ছে দু টি ক্ষেপণাস্ত্র যার প্রতিটির দাম কমপক্ষে ৫০,০০০ ডলার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান যুদ্ধ অব্যাহত থাকলে ইসরাইলের জন্য তা মোটেই লাভজনক হবে না। এরইমধ্যে ইসরাইলি অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর পর্যটন শিল্প হুমকির মুখে পড়েছে। হামাসের রকেট হামলায় ইসরাইলে বিদেশি পর্যটক আসা প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়া, সারা বিশ্বে ইসরাইলি পণ্য বর্জনের জোয়ার সৃষ্টি হয়েছে। আর ইউরোপের বাজারে ইসরাইলের বেশকিছু পণ্য নিষেধাজ্ঞার কবলে পড়েছে। নতুন করে যুদ্ধ শুরুর পর হামাস বলেছে, তারা রকেট হামলা বাড়িয়ে দেবে এবং যুদ্ধ হবে দীর্ঘ। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





