ইয়েমেনের রাজধানী সানার প্রধান কারাগারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে হামলাটি চালানো হয়। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সানার বরাত দিয়ে আজ এ খবর জানিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা কারাগারটির কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপরই কারাগারে হামলা চালায় তারা। এতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাত পুলিশ ও তিন বন্দুকধারী নিহত হন।
দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় অনেক কারাবন্দী পালিয়ে যান বলে জানা গেছে। হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে, ধারণা করা হচ্ছে আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার সঙ্গে জড়িত।
কারাগারটি সানার বিমানবন্দরের সঙ্গে যুক্ত রাস্তার পাশেই অবস্থিত। সংঘর্ষের সময় রাস্তাটি বন্ধ করে দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১২ সালে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ পদত্যাগ করার পর থেকে দেশটিতে আল কায়েদার হামলা মাথাছাড়া দিয়ে উঠেছে। গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে এক ভয়াবহ হামলায় ৫০ জন নিহত ও ১৬০ জন আহত হন। এ ছাড়া, প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]