জার্মানির বিধ্বস্ত বিমানের রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রীর বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম আরটি। ফরাসি পুলিশ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় বিমানের যাত্রীদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এরই মধ্যে স্পেন থেকে জার্মানিগামী ওই বিমানের ১৫০ আরোহীর কেউ জীবিত নেই বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।
বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে কোনো ধরনের বিপদ সংকেত পাঠানো হয়নি বলে নিশ্চিত করেছে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল। এসময় আবহাওয়াও স্বাভাবিক ছিলো বলে জানিয়েছে তারা। ইতোমধ্যে আল্পস পর্বতে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের খোঁজে অভিযান শুরু করেছে ফ্রান্স।
ফ্রান্স ও স্পেনের সরকারি সূত্র জানায়, ১৬ স্কুল শিক্ষার্থীসহ বিমানের ১৫০ জন আরোহীর মধ্যে ৬৭ জার্মান, ৪৫ জন স্পানিয়ার্ড। বিমান দুর্ঘটনার খবর শুনে বার্সেলোনা ও ডুসেলডর্ফ বিমান বন্দরে জড়ো হচ্ছেন আরোহীদের আত্মীয়-স্বজনেরা। মর্মান্তিক এ ঘটনার পর পুরো ইউরোপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার ১৪৪ যাত্রী ও ৬ ক্রুসহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে ফেরার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয় জার্মানির এয়ারলাইন্স জার্মান উইংসের ফ্লাইট ৪ইউ ৯৫২৫।
জেআই





