উত্তর কোরিয়ার এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ং সফর শেষে ফিরে শুক্রবার এক রুশ সংসদ সদস্য দেশটির সংবাদ সংস্থা আরআইএ-কে এ কথা জানান।

আন্তন মরোজভ নামে রাশিয়ার নিম্নকক্ষের এই সদস্য দেশটির সংসদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। তিনি গত ২ থেকে ৬ অক্টোবর পিয়ংইয়ং সফর করেন। তিনি দেশে ফিরে সংবাদ মাধ্যমে বলেন, ‘তারা বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমনকি তাদের হিসাব করে দেখিয়ে দেওয়া হয়েছে, ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে হানতে সক্ষম।’

তিনি আরও বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি খুব শিগগিরই তারা নতুন আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে। আর দেশটিতে যুদ্ধ যুদ্ধ ভাব চলছে।’

সম্প্রতি উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোসহ বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে।

রুশ সংসদ সদস্যের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রও আশঙ্কা করছে খুব শিগগিরই আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী ১০ অক্টোবরের কাছাকাছি উত্তর কোরিয়া সেই পরীক্ষাটি চালাতে পারে। ১০ অক্টোবর উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

এ দিনটিতে ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আর যুক্তরাষ্ট্রে ১০ অক্টোবর কলম্বাস ডে হিসেবে ছুটির দিন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সিনিয়র একজন বিশ্লেষক চলতি সপ্তাহে ওয়াশিংটনে আয়োজিত একটি কনফারেন্সে বলেছিলেন, এই ১০ অক্টোবর যেকোনো ধরনের উস্কানিমূলক কাজ করতে পারে উত্তর কোরিয়া। তবে সে উস্কানির ধরনটা কেমন হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

এএস