যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দুর্বৃত্তের গুলিতে মিজানুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় ভোর চারটার দিকে লিটল বাংলাদেশ সংলগ্ন ভারমন্ট স্ট্রিট অ্যান্ড লস-ফেলিজ শেভরন গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় খুন হন মিজানুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার ভোরে একজন দুর্বৃত্ত ডাকাতি করে চলে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি করলে মিজানুর ঘটনাস্থলেই নিহত হন।
মিজানুরের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশ কনস্যুলেটরের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মিজানুরের এই মর্মান্তিক মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মিজানুরের বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌধুরী পাড়ায়। প্রায় তিন বছর আগে মিজানুর স্টুডেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যান।
এমএনজে





