নিউজিল্যান্ডের দু’টি মসজিদে খ্রিস্টান জঙ্গি হামলার দায় মুসলিম অভিবাসীদের ওপর চাপিয়ে দেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ে। এরপর তার মাথায় ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন এক তরুণ।
ডিম ছুড়ে মেরে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ১৭ বছরের ওই অস্ট্রেলিয়ান। তাকে এখন ‘ডিম বালক’নামেই ডাকা হচ্ছে।
কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং শনিবার (১৬ মার্চ) মেলবোর্নে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে সময় ১৭ বছরের ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙ্গে।

ভিডিওতে দেখা যায়, এরপরে সিনেটর অ্যানিং তাকে কয়েক দফা আঘাত করেন। এসময় নিরাপত্তা কর্মীরা এতে তাকে সরিয়ে নিয়ে যায় এবং কিশোরকে মাটিতে ফেলে ধরে রাখে।
বার্তা সংস্থা প্রেস এসোসিয়েশন বলছে, পুলিশ জানিয়েছে যে ওই কিশোরকে আটক করা হলেও কোন অভিযোগ না এনেই পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আরো তদন্তের পরে ঠিক করা হবে, এই ঘটনায় কোন অভিযোগ গঠন করা হবে কিনা।

ভিক্টোরিয়া পুলিশ রয়টার্সকে জানিয়েছে, তারা পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখছে এবং এখানে ১৭ বছরের এক কিশোর জড়িত রয়েছে।
নিউজিল্যান্ড মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় মুসলমান অভিবাসীদের দায়ী করে মন্তব্যের কারণে অ্যানিং কড়া সমালোচনার মুখে পড়েছেন।

শুক্রবারে (১৫ মার্চ) ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে। ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে ঐ হামলার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামলাকারী অস্ট্রেলিয়ার নাগরিক, খ্রিস্টান ধর্ম অনুসারী ব্রেন্টন টারান্ট একটি সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়।

তবে ডিম হামলার ঘটনার পরে- যে ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করা হলেও অভিযোগ না এনেই ছেড়ে দেওয়া হয়েছে- অনেক সমর্থক টুইটারে তাকে ‘হিরো’বলে সম্বোধন করছেন।
রয়টার্স বলছে, ডিম ছুড়ে মারার ওই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। টুইটারে #eggboy নামে একটি ট্রেন্ডও চালু হয়ে গেছে।

টুইটার ব্যবহারকারী ডেফিলিব্রাটর টুইট করেছেন, “ডিম বালক বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, যখন আপনি দমন, ঘৃণা বা অশুভের বিরুদ্ধে দাঁড়াবেন,তখন ধর্ম, বয়স বা গোত্র কোন বিষয় না। আপনার শুধুমাত্র একটি পবিত্র মন দরকার এবং ডিম বালকের স্বর্ণের তৈরি হৃদয় রয়েছে। তোমার ভালো হোক।”
![]()
আমেরিকান অভিনেত্রী চেলসি পেরেত্তি লিখেছেন, “কেন ডিম বালক আমাকে এভাবে কাঁদালো?”

নিউজিল্যান্ডের রক ব্যান্ড আননোন মর্টাল অর্কেস্ট্রা সংক্ষেপে লিখেছে, “ডিম বালক প্রেরণা।”

রয়টার্স বলছে, ওই কিশোরের জন্য তহবিল সংগ্রহের একটি উদ্যোগ শুরু হয়েছে। যেখানে এর মধ্যেই ১৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার ( ১৩৫০০ মার্কিন ডলার) জমা পড়েছে। এই অর্থ কিশোরের আইনি ব্যয় মেটানো আর ‘আরো বেশি ডিম কেনার’জন্য ব্যবহৃত হবে।
এমবি





