জর্ডানে বন্দি আল-কায়েদা সংশ্লিষ্ট এক নারীকে মুক্তির জন্য বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই সময় শেষ হলে তাদের হাতে জিম্মি জর্ডানের এক বিমানচালককে শিরশ্ছেদের হুমকি দেওয়া হয়।

জাপানি ফ্রিল্যান্সার কেনজি গোতোর কণ্ঠে প্রকাশিত নতুন এক অডিও বার্তায় বলা হয়েছে, ‘আজকের (বৃহস্পতিবার) দিন শেষ হওয়ার আগে সাজিদা আল-রিশাউকে মুক্তি দেওয়া না হলে বিমানচালক মোয়াজ আল-কাসাসবেহকে হত্যা করবে তার জিম্মিরা।’

আইএস দ্বারা টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা অযাচাইযোগ্য অডিওবার্তায় গোতো বলেন, ‘মসুলের সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সূর্যাস্তের মধ্যে তুর্কি সীমান্তে সাজিদা আল-রিশাউকে যদি বিনিময় না করা হয়, তাহলে কাসাসবেহকে হত্যা করা হবে।’

এ বার্তা থেকে আসলে কাসাসবেহ না গোতোকে মুক্তি দেওয়া হবে সেই বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়। নতুন ওই অডিও বার্তাটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

এর আগে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বিমানচালকের বিনিময়ে রিশাউকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে।

দেশটির সরকারের এক মুখপাত্র বুধবার বলেন, ‘যদি জর্ডানি বিমানচালককে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয় তাহলে আমরা বন্দি সাজিদা আল-রিশাউকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছি।’

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ এক টুইট বার্তায় বলেন, তার দেশ বিমানচালকের নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিতের অপেক্ষায় রয়েছে।

সূত্র : আলজাজিরা।

জেএ