আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রত্যাহারের পর তালেবানের শাসনাধীন কাবুলে প্রথম বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করেছে। সোমবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এই বিমান অবতরণ করেন।

ইসলামাবাদ থেকে আসা বিমানটিতে মাত্র ১০ জনের মতো যাত্রী ছিলেন বলে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানান।

তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের অংশ হিসেবে পিআইএর এই ফ্লাইটটি এসেছে কি না।

এর আগে রোববার পিআইএর এক মুখপাত্র জানিয়েছিলেন, তারা কাবুলের সাথে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে আগ্রহী। তবে ইসলামাবাদ-কাবুলের মধ্যে এই ফ্লাইট কী মাত্রায় চলাচল করবে, সে সম্পর্কে নিশ্চিত কিছু জানাননি তিনি।

সোমবার পিআইএ অপারেশনস প্রধান জাওয়াদ জাফর এএফপিকে বলেন, 'কাবুলের ক্ষমতার পরিবর্তনের দীর্ঘদিন পর আমার জন্য এটি বড় এক মুহূর্ত।'

পরে কাবুলে আসা বিমানটি ফিরতি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বিমানটি পাকিস্তানে ফিরে যায়।

আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর বিশৃঙ্খলাপূর্ণ প্রত্যাহারের মধ্যে কাবুল বিমানবন্দর প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৩০ আগস্ট সর্বশেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ছাড়ার পর বিধ্বস্ত এক বিমানবন্দর পায় তালেবান কর্তৃপক্ষ।

তালেবান প্রশাসন কাতার ও অন্য দেশের সহায়তায় বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু করে।

এরমধ্যে কাতার এয়ারওয়েজ কাবুলে বেশ কিছু বিশেষ চার্টাড ফ্লাইট পরিচালনা করে।

৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের সরকারি আরিয়ানা আফগান এয়ারলাইন্স অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু করে।

সূত্র : আলজাজিরা

এমআর