পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর ওমর সরফরাজ চিমার অপসারণ নিয়ে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পর মুখোমুখি অবস্থান গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি আরিফ আলভি গতকাল সোমবার পাঞ্জাবের গভর্নর চিমাকে অপসারণ করে বালিগ-উর-রহমানকে নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামারি প্রত্যাখ্যান করেছেন।
এরপর রাতেই পাকিস্তান সরকার এক প্রজ্ঞাপন জারি করে জানায় যে চিমা আর পাঞ্জাব প্রদেশের গভর্নর পদে নেই। এরপর রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়, তার অনুমোদন ছাড়া পাঞ্জাবের গভর্নরকে প্রধানমন্ত্রী অপসারণ করতে পারেন না।
আরিফ আলভি বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতিই গভর্নরকে অপসারণ করতে পারেন। তিনি আরো বলেন, বর্তমান গভর্নর সংবিধানবিরোধী কোনো কাজ করেননি। ফলে তাকে অপসারণ করার কোনো যুক্তি নেই।
এদিকে পাঞ্জাবের গভর্নর চিমা বলেছেন, রাষ্ট্রপতি আরিফ আলভি যত দিন চাইবেন, তিনি তত দিন দায়িত্ব পালন করে যাবেন।তথ্যসূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল।
এবিএস





