পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর 'ব্যবস্থাপক' হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এমনকি তারা জঙ্গি সংগঠন আইএসের উত্থানের সঙ্গেও জড়িত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের এক উপ-সম্পাদকীয়তে এমন মন্তব্য করা হয়েছে। বিশেষজ্ঞদের দেওয়া নানা তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে এতে বলা হয়েছে, পাকিস্তান তালেবানের পৃষ্ঠপোষক। তারা শুধু আফগানিস্তানে নয়, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সংঘাতেও নাক গলিয়ে থাকে।

পত্রিকাটিতে বলা হয়, 'পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মুজাহিদিনদের সহায়তা করে আসছে। তাদের মধ্যে সুন্নি চরমপন্থি দলগুলোও রয়েছে। এমনকি আইএসের উত্থানের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে বলে মনে করা হয়।'

পাকিস্তান সব সময় তালেবান ও আল কায়দাকে সহায়তার কথা অস্বীকার করে থাকে। তারা নিজেরাই সন্ত্রাসবাদের শিকার এমন কথাও বলে। তবে অনেক বিশ্লেষক তথ্য-প্রমাণসহ হাজির করেন, কীভাবে দেশটি জঙ্গিগোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

এ প্রসঙ্গে ২০০৮ সালে মুম্বাই হামলার কথাও বলা হয়েছে। হামলা প্রসঙ্গে এক মার্কিন নাগরিক আদালতে বলেছেন, মুম্বাই হামলার আগে পাকিস্তান আরও অন্তত দু'বার চেষ্টা করেছিল ওই হামলা চালাতে। তবে দু'বারই তাদের চেষ্টা ব্যর্থ হয়েছিল। নিউইয়র্ক টাইমসের উত্তর আফ্রিকা প্রতিনিধি কারলোত্তা গল বলেন, পাকিস্তান কোনোভাবেই চায় না তাদের চিরশত্রু ভারত আফগানিস্তানে প্রভাব বিস্তার করুক। তারা দেশটিকে জঙ্গিদের ক্যাম্প হিসেবেই দেখতে চায়। এ জন্য খুব সাবধানে বেছে বেছে তালেবান গোষ্ঠীকে ব্যবহার করে।

ওএফ