ইরাকের মসুলে যৌনদাসী হতে রাজি না হওয়ায় ১৯ ইয়াজিদি নারীকে লোহার খাঁচায় পুরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)।

২০১৪ সালের অগাস্টে আইএস যোদ্ধারা ইরাকের উত্তরের ইয়াজিদি অঞ্চল দখল করে। ওই সময় প্রাণ বাঁচাতে প্রায় ৪০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

আইএস জঙ্গিরা ইয়াজিদি গ্রামগুলোতে হানা দিয়ে পুরুষদের হত্যা করে এবং নারীদের ধরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে যৌনকর্মে বাধ্য করে।

স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল-মোল্লা কুর্দি পরিচালিত এআরএ নিউজকে বলেন, “ওই নারীরা আইএস জঙ্গিদের সঙ্গে যৌনকর্ম করতে রাজি না হওয়ার তাদের এই শাস্তি দেওয়া হয়।”

কয়েকজন প্রত্যক্ষদর্শী এআরএ নিউজকে বলেন, “১৯টি মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে, কয়েকশ’মানুষ এ দৃশ্য দেখেছে। কেউই তাদের বাঁচাতে এগিয়ে আসেনি।”

গত বছর ইয়াজিদি অঞ্চল আইএসের দখলে চলে যাওয়ার পর তিন হাজারের বেশি ইয়াজিদি নারীকে যৌনদাসী করে রাখে জঙ্গি দলটি।

ইয়াজিদি জনগণের উপর আইএস-র নৃশংস নির্যাতন গণহত্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মনে করে একটি মানবাধিকার সংগঠন।

এফএফ