দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে ঘুর্ণিঝড় ‘পাম’- এর আঘাতে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে গৃহহীন হয়েছে প্রায় ৩ হাজার ৩০০ জন।

জাতিসংঘের মানবিক ত্রাণ ও সমন্বয় বিষয়ক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গত শনিবার সকালে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে তাফেয়া দ্বীপে ১১ জন, ইফাত দ্বীপে ৮ জন ও তান্না দ্বীপে ৫ জনের প্রাণহানি ঘটেছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অন্তত ১৯ হাজার পরিবারের মধ্যে জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করা প্রয়োজন।

জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমন্বয় বিষয়ক একটি দল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় পৌঁছেছে। সেখানে ৩৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে অনেক দ্বীপের সঙ্গেই এখনো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

ওসিএইচএ জানিয়েছে, ঘুর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে নিউজিল্যান্ডের দিকে চলে গেছে। ভানুয়াতু বর্তমানে ঘূর্ণিঝড়ের আশঙ্কামুক্ত।

এদিকে বিপর্যয়কারী ঘূর্ণিঝড়টির আঘাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ৯০ শতাংশ ভবনই ধ্বংস হয়ে গেছে জানিয়ে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন ভানুয়াতুর প্রেসিডেন্ট বাল্ডউইন লনসডেল।

কেএইচ