জাতিসংঘ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বুধবার বাধিত শ্রম প্রথা (দাসপ্রথা) বিলোপে আইনগতভাবে বাধ্যবাধক এক নতুন প্রোটোকল প্রণয়ন করেছে।

জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক দৈনিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এই প্রোটোকল বাধিত শ্রম প্রথা বিলোপে নতুন দায়বদ্ধতার সৃষ্টি করবে।

বাধিত শ্রম প্রথা বিলোপ সম্পর্কিত এই আইএলও কনভেনশন ২৯, ২০১৪ ৪৩৭ ভোটে গৃহীত হয়। এর বিপক্ষে ভোট পড়ে ৮ এবং ভোটদানে বিরত ছিলো ২৯ সদস্য।

দাসত্ব বিলোপে ১৯৩০ সালের মূল কনভেনশনের পরবর্তী পর্যায়ে বুধবার প্রটোকল প্রণীত হয়। এই প্রটোকলে দাসত্ব বিলোপে নতুন অঙ্গীকার ব্যক্ত হয়েছে।

এতে আইএলও সদস্যভুক্ত দেশগুলোর সরকারকে বাধিত শ্রম প্রথা বিলোপে শ্রমিকদের সুরক্ষায় বিশেষ করে অভিবাসী শ্রমিক, প্রতারণা ও অবমাননাকর নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মালিক-শ্রমিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই প্রটোকল অগ্রসরমান প্রতিরোধ ও ক্ষতিপূরণ ব্যবস্থা এবং সমসাময়িক দাসত্ব প্রথা বিলোপের লক্ষ্যে গৃহীত হয়েছে। এর বাস্তবায়নের সুপারিশে কারিগরি দিক নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বাধিত শ্রমের শিকার। আইএলও’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, দাসত্বের আধুনিক ব্যবস্থার মাধ্যমে প্রতিবছর বেসরকারি অর্থনীতিতে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার অবৈধ মুনাফা অর্জিত হয়।

এই আধুনিক দাস প্রথার মধ্যে রয়েছে প্রাথমিকভাবে গৃহস্থালিতে নিুযক্ত নারী ও কিশোরী এবং বাণিজ্যিক যৌন শোষণ। এ ছাড়া পুরুষ ও কিশোররা কৃষি, নির্মাণ ও খনিজ পদার্থ উত্তোলনে বাধিত শ্রমের শিকারে পরিণত হয়। সূত্র: বিএসএস

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ