আফগানিস্তানের রাজধানী কাবুলে ধর্মদ্রোহীতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত এক নারীকে উচ্ছৃংখল জনতার হাত থেকে বাঁচাতে না পারায় দেশটির একটি আদালত মঙ্গলবার ১১ পুলিশ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে ২৭ বছর বয়সী ফারখুন্দাকে হত্যার দায়ে চার আফগানের মৃত্যুদণ্ড ও অপর আট জনের যাবজ্জীবন সাজার আদেশ দেয়ার পর আদালত এ রায় দিল।

বিচারক সাইফুল্লাহ মুজাদ্দিদ ১১ আসামিকে উদ্দেশ্য করে বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য আপনাদের এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হলো।’

দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। আদালত অপর আট পুলিশ সদস্যকে বেকসুর খালাস দিয়েছে।

বিচারক বলেন, ‘এ রায় চূড়ান্ত নয়, আসামিদের আপিল করার অধিকার রয়েছে।’

গত ১৯ মার্চ একদল উচ্ছৃংখল লোক দিন-দুপুরে ফারখুন্দাকে পিটিয়ে হত্যা করে এবং কাবুল নদীর তীরে তার লাশে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ১৯ পুলিশ কর্মকর্তাসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়। দর্শকদের মুঠোফোনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এসব পুলিশ সদস্যের কয়েকজন উচ্ছৃংখল জনতাকে নিবৃত্ত করার চেষ্টা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছেন।

ওই নারী এক তাবিজ বিক্রেতাকে কুসংস্কার ছড়ানোর জন্য তিরস্কার করলে তাবিজওয়ালা তার বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ আনে।

ফারখুন্দাকে হত্যার ঘটনায় আফগানিস্তান জুড়ে প্রতিবাদ হয় এবং দেশটিতে নারীর প্রতি আচরণ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে।

জেডআই