যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে। তবে তিনি কখন ক্ষমতা ছাড়বেন সেটি নিয়ে আলোচনা হতে পারে।
শনিবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ফিলিপ হামোন্ডের সঙ্গে এক আলোচনায় তিনি এমন কথা বলেছেন।
রাজনৈতিক পরিবর্তনের জন্য আলোচনা করতে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে বুঝাতে রাশিয়া ও ইরানের প্রতি আহবান জানিয়েছেন জন কেরি।
কেরি বলেছেন, আইএসকে দমনের জন্য রাশিয়ার যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মারত্মক খারাপ অবস্থার দিকে যাওয়া শরণার্থী সঙ্কটের একটি মীমাংসার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন হতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, "আমাদের আলাপ-আলোচনা দরকার। আমরা এটাই চাচ্ছি এবং আশা করছি রাশিয়া ও ইরানের মতো প্রভাবশালী রাষ্ট্রগুলো এর জন্য সহায়তা করবে। কারণ এর মাধ্যমেই এই সঙ্কট সমাধান করা সম্ভব।"
"আমরা আলোচনার জন্য প্রস্তুত। আসাদ কি আলোচনার জন্য সত্যিই প্রস্তুত? রাশিয়া কি তাদের আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য প্রস্তুত।?"
সিরিয়ার লাটাকিয়া বিমান ঘাঁটি তৈরি করছে রাশিয়া। এর মাধ্যমে সিরিয়ার আকাশ সীমায় বিমান হামলার সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাঙ্ক, হেলিকপ্টার ও নৌবাহিনীর পদাতিক সৈন্যসহ রাশিয়ার অনেক ভারী যন্ত্রপাতি লাটাকিয়ায় নেয়া হয়েছে।
জেডআই





