গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে জাতিসংঘ। এই কমিশনকে স্বাগত জানিয়েছে হামাস।
সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, "গাজার বিরুদ্ধে দখলদারদের (ইসরাইল) সংঘটিত যুদ্ধাপরাধ তদন্ত করার জন্য যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, হামাস সেটাকে স্বাগত জানায়। আমাদের আহ্বান, এটা (তদন্ত কমিটি) যত দ্রুত সম্ভব কাজ শুরু করুবে।"
যুদ্ধাপরাধ তদন্ত কমিশন গঠনের প্রতিবাদ জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইগাল পালমুর একটি বিবৃতিতে বলেন, "মানবাধিকার কাউন্সিল অনেক আগেই 'সন্ত্রাসীদের অধিকার কাউন্সিল' এবং ক্যাঙ্গারু কোর্ট-এ রূপান্তরিত হয়েছে। এদের 'তদন্তগুলো' পূর্ব-নির্ধারিত।"
গাজা উপত্যকায় গত ৮ জুলাই হামলা শুরু করে ইসরাইল। হামলায় এ পর্যন্ত ১,৯৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৯,০০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫০ জনের বেশি শিশু রয়েছে। অন্যদিকে ৬৪ ইসরাইলি সেনা মতান্তরে ১৫০ সেনা ও ২ বেসামরিক ইসরাইলি নাগরিক, ১ থাই নাগরিক যুদ্ধে নিহত হয়েছে। সূত্র: রয়াটার্স
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





