প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর ডেভিড ক্যামেরন এবার তার এমপির পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকার বিষয়ে গত জুন মাসে অনুষ্ঠিত গণভোটের পর ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যামেরন। তার পদত্যাগের ফলে উইটনি অক্সফোর্ডশায়ার আসনে উপনির্বাচন হবে।
অনেকটা ক্ষোভ নিয়েই যুক্তরাজ্যের আইটিভির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের কথা জানান ৪৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। এমপির পদ আগলে রেখে বর্তমান থেরেসা সরকারকে আর বিব্রত করতে চান না বলে মন্তব্য করেছেন ক্যামেরন। তবে তার পদত্যাগের সঙ্গে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।
২০০১ সাল থেকে উইটনি থেকে কনজারভেটিভ পার্টির এমপি হয়ে আসছেন ক্যামেরন। ২০০৫ সালে তিনি দলের প্রধান নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১০ সালে।
চলতি বছরের জুনে ইইউ বিষয়ক গণভোটে তিনি ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে অবস্থান নেন। জনগণ তার বিরুদ্ধে রায় দিলে তিনি পদত্যাগ করেন। তবে সে সময় তিনি বলেছিলেন, আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে থাকবেন।
এমবি





