ভারতের মুম্বাইয়ে বহু মাস ধরে লাগাতার ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন শিবসেনার এক বর্ষীয়ান প্রভাবশালী নেতা।
নিগৃহীতা কিশোরীর অভিযোগ, ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে অন্য স্থানে নিয়ে তাকে বহুবার ধর্ষণ করেছেন শিবসেনার বর্ষীয়ান ডেপুটি প্রেসিডেন্ট বাসুদেব নামবিয়ার।
গুরুতর এই অভিযোগে অভিযুক্ত শিবসেনা নেতাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
পুলিশ জানায়, নিগৃহীতা কিশোরী নির্ধারিত সময়ের আগেই স্থানীয় এক হাসপাতালে একটি শিশুর জন্ম দেওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে তাকে লাগাতার ধর্ষণ করে চলেছে নামবিয়ার।
মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে বহুবার নিগৃহীতা কিশোরীকে বাড়ি থেকে বের করে নেয় ওই শিবসেনা নেতা। থানের কাছে একটি স্থানে নিয়ে তাকে বহুবার ধর্ষণ করে নামবিয়ার।
নিগৃহীতা জানিয়েছে, এই বিষয়ে কাউকে কিছু জানালে ফলাফল ভাল হবে না বলে তাকে হুমকি দিয়েছিলেন শিবসেনার ডেপুটি প্রেসিডেন্ট।
মেয়েটি গর্ভবতী হয়ে যাওয়ার পর তার বাবা-মা ঘটনাটি জানতে পারে। নামবিয়ার বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইতোমধ্যে নামবিয়ারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১১ সেপ্টেম্বর আটক শিবসেনা নেতাকে পুলিশ রিমান্ডে নেয়ার কথা রয়েছে।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





