জার্মানির মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল একটি উগ্র ডানপন্থী গোষ্ঠী বলে জানিয়েছে দেশটির সরকার। আর এজন্য ১২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, খবর ডয়চে ভেলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয় উগ্র ডানপন্থী গোষ্ঠীটি দেশটির মসজিদগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনায় তারা হতবাক। বিদ্যমান পরিস্থিতিতে প্রার্থনাস্থলে কোনো হামলার ঘটনার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এই ঘটনায় চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এক্ষেত্রে কার কোন ধর্ম তা বিবেচ্য নয়।

শুক্রবার দেশটির বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে এ ১২ জনকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন তাদের জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস।  

এমবি