ভারতের দক্ষিণাঞ্চলে ধসে পড়া ভবনের ধবংসস্তুপ থেকে মঙ্গলবার রাতে উদ্ধার কর্মীরা আরো ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

বুধবার তামিল নাড়ু রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা করুনা সাগর জানান, এ নিয়ে চেন্নাইয়ের উপকণ্ঠের এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।

সাগর বলেন, এর আগে এ ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩১ জন। কিন্তু গত রাতে তা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ধবংসস্তুপের নিচে আটকা পড়া এখনো অন্তত একজনের বেঁচে থাকার সম্ভাবনা রয়ে গেছে। তাই উদ্ধার তৎপরতা চলবে।

মঙ্গলবার উদ্ধারকর্মীরা ধবংসস্তুপের ভেতর থেকে জীবিত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে আনার পর নিখোঁজদের ব্যাপারে তাদের আত্মীয় ও উদ্ধারকর্মীরা আশার আলো দেখতে পাচ্ছেন। খবর এএফপি’র।

জাতীয় দুর্যোগ প্রতিরোধ বিভাগ (এনডিআরএফ)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তার উদ্ধার দলের ৪শ সদস্যের আপ্রাণ চেষ্টায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়।

এনডিআরএফ-এর মহাপরিদর্শক সন্দ্বীপ রয় রাঠোর বলেন, প্রতিটি জীবনই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সূত্র: এনডটিভি।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ