মিশরের সিনাই উপত্যকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার এই হামলা চালানো হয়ে বলে জানা গেছে। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে। খবর রয়টার্সের।
নিরাপত্তা বাহিনী প্রথমে ১০ জন নিহহ হওয়ার খবর জানালেও পরে ১১ জনের কথা জানায়। এর মধ্যে ২ জন রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। বোমা বিস্ফোরণের পর সেনারা পালানো শুরু করলে তাদের ওপর গুলিবর্ষণ করা হলে বাকি ৯ জন নিহত হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের জুলাইয়ে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যত্থানে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলে আসছে। এর মধ্যে সিনাই উপত্যকাটি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে প্রায়ই সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালানো হয়।
সেনা শাসিত মিশরের সরকার এসব হামলার জন্য দেশটির বৃহত্তম গণতান্ত্রিক দল মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে আসছে। তবে, সেখানকার বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ বিভিন্ন সময়ে এসব হামলার দায় স্বীকার করেছে। গত আগস্টে চারজন মিশরীয় নাগরিকের শিরশ্ছেদ করে সশস্ত্র ব্যক্তিরা। তাদের বিরুদ্ধে পার্শ্ববর্তী ইসরাইলে গোপন তথ্য পাচার করার অভিযোগ তুলে তারা। এই তথ্য পাচারের ফলেই কিছুদিন আগে সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালায় ইসরাইল, যাতে তিনজন যোদ্ধা মারা যান।
উল্লেখ্য, সিনাই উপত্যকা বা উপদ্বীপটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। এর একদিকে মিশরের মূল ভূখন্ড, একদিকে ইসরাইল ও গাজা এবং আরেকদিকে সুয়েজ খাল। একদিকে রয়েছে আকাবা উপসাগর। সূত্র: রয়টার্স
ঢাকা, ০২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





