শনিবার পাকিস্তানের ১৬ তম সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। ২৯ নভেম্বর বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফের মেয়াদ শেষ হওয়ার পর ওই পদে নিযুক্ত হবেন বাজওয়া।

নয়া সেনাপ্রধান হিসেবে বাজওয়ার নির্বাচনের সঙ্গে সঙ্গে ভারতকে আরো সতর্ক হওয়ার হুঁশিয়ারি দিলেন সাবেক সেনাপ্রধান বিক্রম সিংহ।

বিক্রম সিংহের দাবি, জেনারেল কামার জাভেদ বাজওয়া তার দায়িত্ব সম্পর্কে মারাত্মক সজাগ। জাতিসঙ্ঘ প্রতিনিধি হয়ে কঙ্গোয় বিক্রম সিংহের অধীনে কাজ করেছিলেন পাকিস্তানের নবনির্বাচিত এই সেনাপ্রধান।

তখনই বিক্রম সিংহ বুঝেছিলেন, বাজওয়া তার কাজ সম্পর্কে কতটা সিরিয়াস। এবং কোনো সেনাপ্রধান নিজের দেশে ফিরে এলে কাজ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আরো বদলে যায়, মত ভারতের সাবেক সেনাপ্রধানের।

বিক্রম সিংহের মতে ভারতের এখন উচিৎ ধৈর্য ধরে অপেক্ষা করা, এবং বাজওয়ার প্রতিটি পদক্ষেপের দিকে বিশেষ নজর রাখা।

বিক্রম সিংহের কাছে জানতে চাওয়া হয়, তিনি কী মনে করেন, ৩০ নভেম্বরের পর পাকিস্তানের প্রতিরক্ষানীতিতে কোনো পরিবর্তন আসবে? এবিষয় বাজওয়ার মত, ভারতের থেকেও, দেশের ভিতরে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি কার্যকলাপ নিয়ে বেশি চিন্তিত বাজওয়া।

আগে কড়া হাতে দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন তিনি, মত বিক্রম সিংহের।

নয়া এই সেনাপ্রধানের ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়েও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, কারণ, তিনি দীর্ঘ সময় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির এবং উত্তরাংশে কাজ করেছেন।

এমবি