নাইজেরিয়ার অপহৃত দু'শতাধিক স্কুলছাত্রীর অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন দেশটির বোর্নো রাজ্যের গভর্নর। খবর বিবিসি'র।
বোর্নো রাজ্যের গভর্নর কাশিম সেট্টিমা জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ এখন সেসব তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করবেন।
সেট্টিমা বলেছেন, তিনি মনে করেন যে অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম এখনো দেশটির ভেতরেই অবস্থান করছে। অপহৃত স্কুলছাত্রীদেরকে এখনো প্রতিবেশী দেশ চাদ বা ক্যামেরুনে পাচার করা হয়নি বলেই তার ধারণা।
গত মাসে নাইজেরিয়ার অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধার অভিযানে শুক্রবার যোগ দিয়েছে যুক্তরাজ্যে। তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ ছাড়া, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ নাইজেরিয়ার ইসলামপন্থী সংগঠন বোকো হারামের কর্মকাণ্ড এবং ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।
বিশ্বব্যাপী এ অপহরণের ঘটনা আলোড়ন সৃষ্টি করলেও এখনো অপহৃতদের কোনো সন্ধান না পাওয়ায় নাইজেরিয়া সরকার ও প্রেসিডেন্ট গুডলাক জনাথনের তীব্র সমালোচনা করা হচ্ছে।
এদিকে, বোকো হারাম-এর নেতারা অপহৃত কিশোরীদের বিক্রি করে দেবে বলে সরকারকে হুমকি দিয়েছে।
অপহৃত ছাত্রীদের উদ্ধারের লক্ষ্যে নাইজেরিয়ার সরকারকে সহায়তার জন্য ইতোমধ্যেই দেশটিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের ফার্ষ্ট লেডি মিশেল ওবামা এই অপহরণের ঘটনাকে ‘বিবেকহীন কাজ’ বলে মন্তব্য করেন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]