ভূ-অবস্থানগত কারণে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ঘাঁটি বানাতে পছন্দ করছে আইএস; আর এখান থেকেই তারা ভারতে হামলা চালাতে চায়।
আইএসের সাময়িকী ‘দাবিক’-এ প্রকাশিত এই জঙ্গিগোষ্ঠীর বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের এক সাক্ষাৎকার উদ্ধৃত করে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।
ইউরোপসহ বিভিন্ন দেশে হামলা চালালেও ভারতে এখনও কোনো হামলা চালায়নি আইএস। বাংলাদেশে বিদেশিসহ শিয়া, আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলায় এই জঙ্গিগোষ্ঠীর দায় স্বীকারের বার্তা এলেও সরকারের পক্ষ থেকে এই গোষ্ঠীর অস্তিত্ব থাকার খবর নাকচ করা হচ্ছে।
সম্প্রতি দাবিক-এর চতুর্দশ সংখ্যায় প্রকাশিত সাক্ষাৎকারে ভারতে হামলার হুমকি দেন আইএস নেতা আল-হানিফ।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার হিন্দুপ্রধান দেশটিতে গেরিলা কায়দায় হামলা চালানোর কথা ভাবছেন তারা। আর এজন্য প্রতিবেশী দেশগুলো থেকে যোদ্ধা পাঠানো হবে।
বাংলাদেশকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আল-হানিফ বলেন, ভৌগলিক অবস্থানের কারণে খিলাফত প্রতিষ্ঠার জন্য এই দেশ উপযুক্ত।
বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি হামলার নিজেদের বলে দাবি করে তিনি বলেন, কাফের, দলচ্যুত, কাদিয়ানি, হিন্দুদের বিরুদ্ধে এসব অভিযানে চালানো হয়। বাংলাদেশের মুসলিমরা ইসলামকে ভালোবাসলেও মুরতাদদের প্রভাবে তারা কুরআন-সুন্নাহ মেনে চলে না।
এছাড়াও আল-হানিফ দাবি করেছেন যে, আইএসের দাওয়াতে সাড়া দিয়ে বাংলাদেশে অনেকেই দলটিতে নাম লেখাচ্ছে।
এমআইএস।





