আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেন দূতাবাসের কাছে বিদেশিদের ওপর হামলাকারী চার বন্দুকধারীই নিহত হয়েছে।
এছাড়া বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে চার আফগান পুলিশ , দুই স্প্যানিশ নিরাপাত্ত রক্ষী ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় কাবুলের সুরক্ষিত কূটনীতিকপাড়ার একটি বিদেশি অতিথি ভবনে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এর আগে তারা ওই এলাকায় একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। ওই অতিথি ভবনের পাশে স্পেন দূতাবাস অবস্থিত।
হামলার পরপর সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। প্রথমদিকে বলা হয়েছিল, স্পেনের দূতাবাস হামলার শিকার হয়েছে। পরে দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এটি সত্য নয় বলে জানান।
রাতব্যাপী সংঘর্ষ শেষে শনিবার আফগান কর্মকর্তারা জানান, অভিযানে সব হামলাকারী নিহত হয়েছে। তবে চার আফগান পুলিশ ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া স্পেনের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় দুই স্প্যানিশ নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ কাবুল হামলায় যারা জড়িত ছিল তাদের সবাইকে হত্যা করেছে আফগান স্পেশাল ফোর্স। দুর্ভাগ্যবশতঃ হামলায় চার পুলিশ সদস্য শহীদ হয়েছে।
এদিকে আফগান তালেবানের পক্ষ থেকে তাদের চার যোদ্ধার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে দলটি ভয়েস অব জিহাদ নামে তাদের একটি ওয়েবসাইটে দাবি করেছে হামলায় ২০ আফগান ও বিদেশি নিহত হয়েছে।
এসএইচ





