স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি তুলে হামলা চালানো সেই গাড়িচালক ইউনুস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বার্সেলোনা থেকে দূরে একটি গ্রামে তল্লাশি চলাকালে সে নিহত হয়।
স্পেনিশ পুলিশ আবুইয়াকুবকে ওই ঘটনার প্রধান সন্দেভাজন হিসেবে খুঁজছিল বলে খবরে বলা হয়।
বার্সেলোনার লাস র্যামব্লাসে গত ১৭ আগস্ট পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে হামলার ঘটনায় প্রায় ১৩ জন নিহত হন।
এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন।
সোমবার বার্সেলোনা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সুবিরাতস নামে একটি গ্রামে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পুলিশের গুলিতে বার্সেলোনার হামলাকারী আবুইয়াকুব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।
জানা যায়, অভিযানের সময় আবু ইয়াকুবের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল। পুলিশও জানিয়েছে, তারা আবু ইয়াকুবের শরীর থেকে সুইসাইড ভেস্ট সরিয়েছে। তবে সেটি আসল নাকি নকল তা নিশ্চিত করেনি পুলিশ।
কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমোন পুলিশ প্রধানকে সাথে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পুজদেমোন বলেছেন, "বিকেল ৫টার দিকে কাতালান পুলিশ ইউনিস আবুইয়াকুব-কে গুলি করে হত্যা করেছে। সে-ই বৃহস্পতিবার বার্সেলোনায় ১৩জন মৃত্যুর জন্যে দায়ী ভ্যানটির চালক ছিল। ওই দিনের পর থেকেই দেশের পুলিশ তাকে খুঁজতে পুরো দেশজুড়ে তৎপরতা অব্যাহত রেখেছিল। এই বিকেলেই আমি বিষয়টি স্প্যানিশ প্রেসিডেন্ট মিস্টার রাহয়কে জানিয়েছি।"
এর আগে পুলিশ জানায়, গাড়ি নিয়ে হামলার পর আবু ইয়াকুব কিছু দূর পায়ে হেঁটে গিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার পর তার গাড়ি নিয়ে পালিয়ে যায়।
দেশটির পুলিশের দাবি দুইটি শহরে সন্ত্রাসী হামলার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ১২ জনের মধ্যে ৮ জনই নিহত হয়েছে আর বাকিরা আটক আছে।
এএইচ





