কাশ্মীর নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছেই। তারমধ্যেই বেঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করে সঙ্গে দেখা করলেন বুরহান ওয়ানির বাবা মুজফ্ফর ওয়ানি। ফলাও করে সেই খবর জানালেন খোদ ‘আর্ট অফ লিভিং’–এর প্রতিষ্ঠাতা। শনিবার রাতে রবিশঙ্কর টুইট করেন, ‘বুরহানের বাবা মুজফ্ফর ওয়ানি দু’দিন আশ্রমে কাটিয়ে গেলেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে।’
তার কিছুক্ষণ পর ‘আর্ট অফ লিভিং’–এর তরফেও একটি টুইট করা হয়। তাতে বলা হয়, ‘গত দু’দিন ধরে বেঙ্গালুরুর আশ্রমেই ছিলেন মুজফ্ফর ওয়ানি। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে রবিশঙ্করের। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং মানবিকতার খাতিরেই তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে।’
কিন্তু তাদের দাবি খারিজ করে দিয়েছেন মুজফ্ফর ওয়ানি। তাঁর দাবি, ‘চিকিৎসার প্রয়োজনে আশ্রমে গিয়েছিলাম। অসুস্থ বোধ করায় দু’দিন থেকে গিয়েছিলাম। রবিশঙ্করের সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা হয়েছে। তাও আমার শারীরিক অবস্থা নিয়ে। ওষুধ নিয়ে ফিরে এসেছি আমি। কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না।’
৮ জুলাই ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় হিজবুল মুজাহিদিন সদস্য বুরহান ওয়ানির। তারপর থেকেই কাশ্মীর তেতে উঠেছে। রাজ্যে পি ডি পি ও বি জে পি জোট সরকাররে বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন বহু মানুষ। দুই সেনাকর্মী সহ মৃত্যু হয়েছে ৭০ জনের। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। কিন্তু আন্দোলন থেকে এক পাও পিছোতে রাজি নয় বলে আগেই জানিয়ে দিয়েছেন নেতারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি বেশ কয়েকবার কাশ্মীর গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। তারপরই টুইটারে মুজফ্ফর ওয়ানির ছবি ফলাও করে প্রকাশ করেন রবিশঙ্কর। এমনিতে তাঁর সঙ্গে বি জে পি–র দহরম মহরমের কথা কারও অজানা নয়। তাহলে কি মুজফ্ফরের ছবি দিয়ে কাশ্মীরবাসীর কাছে অন্য বার্তা পৌঁছতে চাইছেন তিনি? উঠছে প্রশ্ন।
জেড





