নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরের কাছের মরুভুমি থেকে অন্তত ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। বোকো হারামের কাছ থেকে দামাসাক নামের এই শহরটি দখলে নেয়ার পর এসব মৃতদেহ পাওয়া যায়। তবে, মৃতদেহগুলো বোকো হারাম যোদ্ধাদের নাকি বেসামরিক নাগরিকদের তা জানা যায়নি। খবর বিবিসির।
মৃতদেহগুলো বেশ কিছুদিন আগের বলে জানিয়েছে সেনাবাহিনী। মরুভূমিতে মরুঝড় ও বালিতে মৃতদেহগুলো মমির মতো হয়ে গেছে। উল্লেখ্য, নাইজার ও চাদের সেনাবাহিনী শনিবার শহরটি বোকো হারামের কাছ থেকে উদ্ধার করে।
গতকালই নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক ঘোষণা করেন, এক মাসের মধ্যে বোকো হারামের দখলে থাকা সব এলাকা মুক্ত করা হবে। তবে, প্রেসিডেন্টের এই ঘোষণাকে নির্বাচনী চালবাজি হিসেবেই ভাবছে সবাই। কেননা, দেশটিতে কিছুদিন পরই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
দামাসাক শহরটি বোকো হারাম অধ্যুষিত বোর্নো প্রদেশের একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক শহর। শহরটি নাইজারের সীমান্তের কাছে ও বোর্নোর প্রাদেশিক রাজধানী মাইদুগুরি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
এমএ





