ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০। দক্ষিণ-পূর্বাঞ্চলে মিনাস জেরাইস প্রদেশে লৌহ-আকরিক খনির বাঁধ ভেঙে এখনো নিখোঁজ রয়েছে প্রায় ৩ শতাধিক।

নিহত ছাড়াও এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪৬ জনকে। যাদের মধ্যে প্রায় ২৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার প্রদেশের ব্রুমাদিনহো শহরে ওই বাঁধ ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত খনিটির স্বত্বাধিকারী ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ‘ভেলে’।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অনেকেই শ্রমিক। তাঁরা সে সময় বাঁধসংশ্লিষ্ট ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার গ্রহণ করছিলেন।

দুর্ঘটনার ফলে বিপুল কাদা নদীর মতো সংশ্লিষ্ট এলাকার ছড়িয়ে পড়ে। ডুবিয়ে দেয় ভবন, রাস্তাঘাট, যানবাহন সবকিছু। জরুরি বাহিনী অনেককে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে নিম্নাঞ্চলে বসবাসরত অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

কেন এ দুর্ঘটনা ঘটল, তার যথার্থ কারণ এখনো জানা যায়নি। খনিপ্রধান এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজদের আত্মীয়স্বজন বাঁধ এলাকায় জড়ো হয়েছেন। ডজনখানেক হেলিকপ্টার উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।


জেড