শীর্ষস্থানীয় এক দাতব্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সিয়েরা লিওনে ঘন্টায় ৫ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি স্বাস্থ্য উপকরণের আরো বেশী সরবরাহের প্রয়োজনের বিষয়টিকে তুলে ধরেছে।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে গত সপ্তাহে নতুন করে ৭৬৫ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মাত্র ৩২৭টি শয্যা রয়েছে। খবর এএফপি’র।

এই সংকটকে আন্তর্জাতিকভাবে মোকাবিলা করতে লন্ডনে বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।

বিশ্বের সবচেয়ে মারাত্মক এই সংক্রামক রোগটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩৩৮ জনের প্রাণহানি ঘটেছে।

সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে এই রোগটির প্রকোপ সবচেয়ে বেশি। দেশগুলোতে এখন পর্যন্ত ৭ হাজার ১৭৮ জনের শরীরে এই রোগের ভাইরাস ধরা পড়েছে। খবর এএফপি’র।

সেভ দ্য চিলড্রেন-এর প্রধান নির্বাহী বলেন, ‘এই রোগের মোকাবিলায় আমরা প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সংস্থাটি জানিয়েছে, সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসটি এমনভাবে ছড়িয়ে পড়ছে যা ‘অত্যন্ত ভীতিকর’। প্রতি সপ্তাহেই দ্বিগুণ হারে এই রোগ ছড়িয়ে পড়ছে।

আন্তর্জাতিক সংস্থাটি জানায়, স্বাস্থ্য কর্তৃপক্ষ কোন এলাকায় এই রোগের প্রাদুর্ভাব রোধ করতে সক্ষম হলে, এটি অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে।

এসএমএ