ইরাকের ইসলামিক স্টেটের (আইএস) সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে তৃতীয় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।
বিবিসি'র খবরে বলা হয়, জেট ফাইটার এবং ড্রোন ইতোমধ্যেই ইসলামিক স্টেটের সশস্ত্র গাড়িবহর ধ্বংস করেছে। গাড়িবহরটি সিনজার পাহাড়ে অবরুদ্ধ এজিদি সম্প্রদায়ের ওপর হামলা চালানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল।
এর পূর্বের হামলাটি হয়েছিল কুর্দিস্তান অভিমুখী ইসলামিক স্টেট সদস্যদের ওপর।
এদিকে, চলমান সংকটের বিষয়ে আলোচনার জন্য ইরাকে পৌছেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন ফেবিআস। রোববার সকালে রাজধানী বাগদাদে তিনি পৌছেন।
সহিংসতার কারণে বাস্তুচ্যুত সিনজার প্রদেশের নাগরিকদেরকে ফ্রান্স প্রথম দফায় যে ত্রাণ দিবে, তার তত্ত্বাবধান করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি কুর্দি অধ্যুষিত ইরবিল শহর সফর করবেন। উল্লেখ্য, ইরবিল শহরটি দখল করার হুমকি দিয়েছে বিদ্রোহীরা।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





