নির্বাচনে পরাজয়ের পর শুক্রবার লন্ডনে এক প্রেস কনফারেন্সে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন এড মিলিব্যান্ড। আজ শুক্রবার লন্ডনে এক প্রেস কনফারেন্সে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।
এদিকে লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা দেশটির উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগও আজ দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। খবর রয়টার্স, এএফপি ও বিবিসি।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্সে’ (প্রতিনিধি সভা) ৬৫০টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোষিত ৬৪৩ আসনের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল পেয়েছে ৩২৬ আসন। এর অর্থ হলো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আরও পাঁচ বছরের জন্য দেশ শাসন করার ক্ষমতা পাচ্ছেন ক্যামেরন।
তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছেন ২৩০ আসন, লিবারেল ডেমোক্র্যাটস দল আটটি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৬টি, প্লেইড কিমরু তিনটি, ইউকে ইনডিপেনডেন্স পার্টি দুটি, গ্রিন পার্টি একটি ও অন্যান্য দল ১টি আসন পেয়েছেন।
এর আগে চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই আজ সকালে পরাজয় স্বীকার করে নেন বিরোধী লেবার দলের নেতা এড মিলিব্যান্ড। দলের জন্য গতকাল শুক্রবারের রাতকে খুবই হতাশাব্যঞ্জক ও কঠিন বলে বর্ণনা করে গভীরভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
নির্বাচনে দলের বড় কয়েকজন নেতার পরাজয় এবং সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে আজ লন্ডনে এক প্রেস কনফারেন্সে পদত্যাগের ঘোষণা দিয়ে এড মিলিব্যান্ড বলেন, ‘যিনি আগামীর পার্লামেন্টে সদস্য হবেন তেমন কেউ একজন এগিয়ে এসে দলের হাল ধরুক। যুক্তরাজ্যের জন্য শক্তিশালী লেবার পার্টি দরকার। এই পরাজয়ের পর দলকে পুনর্গঠন করতে হবে।’
লেবার পার্টির ডেপুটি প্রধান হ্যারিয়েট হার্মেন দলের অন্তর্বর্তী প্রধান হতে পারে বলে জানান গেছে।
২০১০ সালের লেবার দলের প্রধান হন এড মিলিব্যান্ড। ওই বছরের নির্বাচনে ২৫৮ আসন পেয়েছিল তার দল। এবারের নির্বাচনে ৬৫০ আসনের (ঘোষণা ৬৪৩) মধ্যে লেবার পার্টি পেয়েছে ২৩০ আসন।
এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৬৪৮ আসনে প্রার্থী দেয়। লেবার ও লিবারেল ডেমোক্র্যাটস উভয় পার্টির প্রার্থীসংখ্যা ৬৩১ জন করে। নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী এই তিন দল স্পিকার জন বার্কোর আসনে প্রার্থী দেয়নি। অভিবাসনবিরোধী ইউকে ইনডিপেনডেন্ট পার্টি (ইউকিপ) ও গ্রিন পার্টির প্রার্থীসংখ্যা যথাক্রমে ৬২৪ ও ৫৭৩।
প্রাদেশিক দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) স্কটল্যান্ডে ও প্লেইড কামরি ওয়েলসের আসনগুলোতে লড়াই করেছে। ২০১০ সালের নির্বাচনে কনজারভেটিভ ৩০৭, লেবার ২৫৮ ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৫৭ আসনে জয়ী হয়েছিল। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে জোট বেঁধে কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম জোট সরকার গঠন করে।
ইআর





