পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ত্রাণ বিতরণকালে ভিড়ের চাপে পিস্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে।
সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ডিফায় নাইজেরিয়া থেকে আসা শরণার্থীরা খাবার, কাপড় ও নগত অর্থ সহায়তা নিতে জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে বলে নাইজারের আঞ্চলিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ডিফা শহর ও এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী বসবাস করে। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছে।
প্রকাশিত খবরে জানা গেছে, নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
নাইজেরিয়া থেকে বিবিসির প্রতিনিধি ইসহাক খালিদ জানিয়েছেন, সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের গেট খোলার পর সেখানে প্রচুর শরণার্থী জড়ো হয়েছিল।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামি শরিয়াভিত্তিক একটি রাজ্য প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই করছে বোকো হারাম। গোষ্ঠীটি নাইজেরিয়ার ওই অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী চাদ, নাইজার ও ক্যামেরুনেও নিয়মিত অভিযান চালায়। তাদের এসব অভিযানে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে।





