জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) ও আন্তর্জাতিক সীমানায় পাকিস্তান ও ভারতীয় সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে চলতি সপ্তাহে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনায় পাকিস্তানের দুই সৈন্য নিহত হয়েছে।

অপরদিকে, ভারতের তিন নারী ও দুই শিশুসহ অন্তত ছয় বেসামরিক লোক নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার কাশ্মিরের রাজোরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের গোলাগুলিতে এক ভারতীয় সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দুই দেশের গোলাগুলিতে এ দিন দেশটির কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ ছাড়া আরো পাঁচজন আহত হয়েছে।

পাকিস্তান আরো বলেছে, শুক্রবার ও শনিবার নাখাইল ও টাট্টাপানি সেক্টরে ভারতীয় বাহিনীর হামলায় পাকিস্তানের কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো অন্তত ১০ নাগরিক আহত হয়েছে।

এদিকে, জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও সীমান্ত এলাকায় মুহুর্মুহু গুলির ঘটনায় দুই দেশের সীমা্ন্তে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে দেশ দুটি। এরই মধ্যে ১৭৪টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার।

এসএম