ভারতের ত্রিপুরা রাজ্যের এক পত্রিকার সম্পাদককে তার তিন কর্মচারীকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে আদালত। এ অভিযোগে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ত্রিপুরার আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক গণদূত’র মালিক ও সম্পাদক সুশীল চৌধুরীর (৭৬) বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী বৃহস্পতিবার আগরতলার আদালতে ওই মামলার রায় দেওয়া হবে। সুশীল ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি দেশে সফর করেছেন।
পুলিশ জানিয়েছে, একটি ঝামেলাপূর্ণ জমির চুক্তিতে সুশীলের সঙ্গে তার ম্যানেজার রঞ্জিত চৌধুরী (৬১) যুক্ত ছিলেন। গত মে মাসে রঞ্জিত বিষয়টি ফাঁস করার হুমকি দিলে সুশীল তাকে হত্যা করেন।
পুলিশ আরও জানায়, এ হত্যাকাণ্ডে সুশীলের সঙ্গে জড়িত ছিলেন তার ড্রাইভার বালারাম ঘোষ (৩১)। রঞ্জিতকে খুন করার সময় পত্রিকার প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য (২৫) তা দেখে ফেললে তাকে আক্রমণ করে বালারাম। সুশীলের উপস্থিতিতে উভয়ের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে উভয়েই নিহত হন।
ওই সম্পাদকের কক্ষে তিনটি মৃতদেহ পাওয়ার পর তিনি বলেছিলেন, তাকেই হত্যার লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। তবে কী কারণে তাকে হত্যা করতে চেয়েছিল তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
ওই সময় খুনির তথ্য দিতে পারলে ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণাও দেন সুশীল।
পরবর্তী সময়ে পুলিশের তদন্তে ওই খুনের ঘটনায় সুশীলের জড়িতের বিষয়টি প্রকাশ পায়। এক্ষেত্রে পুলিশকে সহায়তা করেন নিহত ড্রাইভার বালারামের স্ত্রী নিয়তি ঘোষ। খবর: এনডিটিভি'র
ঢাকা,১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ