ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বর্তমান ও সাবেক সাতজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেনের একটি আদালত। স্পেনে গেলে তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ ও সিভিল গার্ডের প্রতি নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার লাতিন আমেরিকান হেরাল্ড ট্রিবিউনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট-এর খবরে এ কথা জানানো হয়।
২০১০ সালে গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি সেনাদের হামলার ঘটনায় স্পেনের আদালত ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইসরায়েলি বাহিনী গাজা অবরুদ্ধ করে রাখায় গাজাবাসীকে সহায়তা দিতে কয়েকটি জনকল্যাণমূলক সংগঠন ত্রাণবাহী নৌবহর নিয়ে ওই উপত্যকায় যাচ্ছিল।
ওই নৌবহরে ইসরায়েল হামলা চালিয়ে নয়জন কর্মীকে হত্যা করে। ওই ঘটনায় আহত আরও একজন পরে মারা যান।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছাড়াও যাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিদগর লিবারম্যান, সাবেক কৌশলবিষয়ক মন্ত্রী মোসে ইয়ালুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইলি ইয়াইসাই, দপ্তরবিহীন মন্ত্রী বেনি বেগিন এবং ওই অভিযানের দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ভাইস অ্যাডমিরাল ম্যারন এলিয়েজার।
স্পেনের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাখসন জেরুজালেম পোস্টকে বলেন, ‘এ ঘটনাকে আমরা উসকানি হিসেবে বিবেচনা করছি। ওই পরোয়ানা বাতিলে স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি। আশা করছি, শিগগিরই ওই পরোয়ানা বাতিল হবে।’
এমআর





