সৌদি আরবে একই দিনে তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শিরশ্ছেদ ও আরেকজনকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুই জন সৌদি আরবের নাগরিক ও একজন পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর ডনের।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডন জানিয়েছে, পাকিস্তানি নাগরিক মুমতাজ হুসেইন দ্বীন আহমেদকে হেরোইন পাচারের দায়ে মদীনায় শিরশ্ছেদ করা হয়। এ ছাড়া, সৌদি নাগরিক নাজির বিন ফারাজ আল-আজমি আল-ওতাইবিকে তায়েফে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর হয়। অপর সৌদি নাগরিক মোয়েইদ বিন আলী বিন মোয়েইদ আল-সাদ আল-কাহতানির শিরশ্ছেদ করা হয় এক ব্যক্তিকে হত্যার দায়ে।
জানা গেছে, সৌদি দুই নাগরিকের মৃত্যুদণ্ড দীর্ঘদিন ধরে ঝুলন্ত ছিল। কেননা, যাদেরকে হত্যার দায়ে এই দুই নাগরিক অভিযুক্ত ছিলেন তাদের সন্তানেরা এতদিন অপ্রাপ্তবয়স্ক ছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানদের সিদ্ধান্তের ভিত্তিতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিহতদের সন্তানেরা চাইলে তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিতে পারতেন।
এ নিয়ে চলতি বছর ৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সৌদি আরবে। গত বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে, বরাবরের মতোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডের সমালোচনা করেছে।
উল্লেখ্য, সৌদি আরবে ধর্ষণ, হত্যা, মুরতাদ (ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হলে), সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
এমএ





