কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) আজ সোমবার প্রতিবাদ মিছিল করেছে। তবে পুলিশ ব্যারিকেড দিয়ে ওই মিছিল আটকে দেয়।

গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’ নামের একটি ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি ‘আপত্তিকর’ বলে দাবি তুলে ছবির প্রদর্শনী বন্ধের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। ছবিটি প্রদর্শনের আয়োজন করে এভিবিপি এবং আরএসএস’এর সমর্থকেরা। এই নিয়ে ওই দিন বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের সঙ্গে এভিবিপির সমর্থকদের সংঘর্ষ বাঁধলে এর পাল্টা হিসেবে ওই মাঠেই ছাত্রছাত্রীরা ‘মুজাফফর নগর বাকি হ্যায়’ নামের আরেকটি ছবি প্রদর্শন করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার পর এভিবিপির পক্ষ থেকে আজ বিকেলে প্রতিবাদ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাছে গোল পার্ক এলাকা থেকে একটি মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে থাকে। পুলিশ যাদবপুর থানার সামনে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এ সময় মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে চাইলে পুলিশের বাধায় এগোতে পারেনি। এই নিয়ে পুলিশের সঙ্গে এভিবিপির সমর্থকদের ধস্তাধস্তি হয়। এরপরেই মিছিলকারীরা থানার সামনে অবস্থান করে প্রতিবাদ সভার আয়োজন করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মানমর্যাদা রক্ষায় ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে এভিবিপির মিছিলকে প্রতিহত করার জন্য রাস্তায় অবস্থান নেয়। কিন্তু পুলিশও তাদের এভিবিপির অবস্থানস্থলের দিকে যেতে বাঁধা দেয়। এই নিয়ে পরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন এভিবিপির নেতারা।

ইআর