মার্কিন দুই সাংবাদিক ও একজন ব্রিটিশ সাহায্যকর্মীকে যে মুখোশধারী জঙ্গি শিরশ্ছেদ করে হত্যা করেছে, তার পরিচয় জানা গেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে, সেই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, শনাক্তকৃত ওই জঙ্গি একজন ব্রিটিশ নাগরিক।
অন্যদিকে ব্রিটেনের কর্মকর্তারা জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) শিরচ্ছেদ করে সেই হত্যাকাণ্ডের যে দৃশ্য ভিডিওতে প্রচার করেছে তাতে ওই মুখোশধারী ব্যক্তি ব্রিটিশ নাগরিক বলেই মনে হচ্ছে।
এফবিআই এর পরিচালক জেমস কোমি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় আইএস এর এই জঙ্গিকে সনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি ব্রিটিশ উচ্চারণে কথা বলে বলেও উল্লেখ করেছেন তিনি।
মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন সটলফ এবং ব্রিটিশ সাহায্যকর্মী ডেভিড হেইন্সকে শিরচ্ছেদ করার ভিডিওগুলোতে আইএস এর একজন জঙ্গিকে দেখা গেছে। কালো পোশাক পরিহিত মুখোশধারী সেই ব্যক্তি হাতে ছুড়ি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেছিল।
আইএস সর্বশেষ যে ভিডিও প্রকাশ করেছে সেখানে আরেক ব্রিটিশ নাগরিক এলান হেনিং এর প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে।
অন্যদিকে সিরিয়া ও ইরাকে ইসলামি জঙ্গিদের সঙ্গে জিহাদে তিন হাজারের বেশি ইউরোপিয়ান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন ইউরোপিয় ইউনিয়নের সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সমন্বয়ক গিলস ডে কেরচোভ।
তিনি বলেন, ইসলামিক স্টেট ওই অঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার ঘোষণা দেবার পর থেকে জিহাদে অংশ নিতে যাওয়া ইউরোপিয়দের সংখ্যা বাড়ছে।
ইসলামিক স্টেটের উপর পশ্চিমা দেশগুলোর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইউরোপে হামলার আশংকা তৈরি হচ্ছে বলে তিনি হুশিয়ার করে দেন।
তিনি বলেন, তিনদিন আগে আইএস যে বিবৃতি প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে, জিহাদিদের উপরে হামলায় যারা অংশ নিচ্ছে তাদের প্রতিঘাত করা হবে।
ফ্রান্সের একজন নাগরিককে আলজেরিয়ায় অপহরণ করে গতকাল শিরচ্ছেদ করা হয়েছে। ওই ঘটনাটিকে আইএস এর প্রতিশোধমূলক কাজ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
ওদিকে মাত্র গতকালই ইরাক ও সিরিয়াতে বিদেশি জিহাদিদের যাওয়া ঠেকাতে একটি প্রস্তাবনা পাশ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





